• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

সন্দ্বীপে প্রবাসী নাগরিক সেবা কেন্দ্র স্থাপনের দাবি

সন্দ্বীপ(চট্টগ্রাম) প্রতিনিধি: / ১৯ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

সন্দ্বীপের প্রবাসী নাগরিক ও তাঁদের পরিবারের সরকারি সেবা গ্রহণের ভোগান্তি কমাতে পাসপোর্টসহ প্রয়োজনীয় সরকারি সেবা স্থানীয়ভাবে নিশ্চিত এবং একটি সমন্বিত “প্রবাসী নাগরিক সেবা কেন্দ্র” স্থাপনের দাবি জানানো হয়েছে। এ দাবিতে গত ১১ আগস্ট(মঙ্গলবার)  ২০২৬ খ্রিস্টাব্দে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। সন্দ্বীপের উপজেলা নির্বাহী অফিসারের  মাধ্যমে দেওয়া স্মারকলিপিতে সন্দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি ও সন্দ্বীপ প্রবাসী অধিকার আন্দোলনের পরিচালক মো. হাসানুজ্জামান সন্দ্বীপী এ দাবি জানান।

স্মারকলিপিতে বলা হয়, সন্দ্বীপের বিপুলসংখ্যক নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত ও বসবাস করছেন। তাঁদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতি ও স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু প্রবাসী ও তাঁদের পরিবারের সদস্যদের পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, পুলিশ ক্লিয়ারেন্স, ভূমি সংক্রান্ত কাজ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত বিভিন্ন সেবা নিতে বারবার চট্টগ্রাম শহরসহ মূল ভূখণ্ডে যাতায়াত করতে হয়। নৌযাত্রা, সময়, অর্থ ও নানা ধরনের ভোগান্তির কারণে এসব সেবা গ্রহণ অনেকের জন্য কঠিন হয়ে পড়ে।স্মারকলিপিতে সন্দ্বীপে ই-পাসপোর্টের আবেদন, ছবি ও বায়োমেট্রিক গ্রহণ, নবায়ন ও রি-ইস্যু সেবা চালুর দাবি জানানো হয়েছে। পাশাপাশি নতুন জাতীয় পরিচয়পত্র, সংশোধন, ঠিকানা পরিবর্তন ও বায়োমেট্রিকসহ প্রয়োজনীয় NID সেবা স্থানীয়ভাবে নিশ্চিত করার দাবি রয়েছে।

এছাড়া পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন ও প্রক্রিয়াগত সহায়তার জন্য বিশেষ ডেস্ক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত তথ্যের জন্য স্থায়ী ডেস্ক এবং বিদেশগামী কর্মীদের বৈধ রিক্রুটিং এজেন্সি, চাকরির চুক্তি, ভিসা, বেতন ও অভিবাসন বিষয়ে বিনামূল্যে পরামর্শ দেওয়ার ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।

স্মারকলিপিতে আরও রয়েছে—ভিসা ও ইমিগ্রেশন তথ্য সহায়তা কেন্দ্র, প্রবাসীদের জন্য বিশেষ ভূমি সেবা ডেস্ক, জমি দখল-প্রতারণা-জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ গ্রহণ ও সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণের ব্যবস্থা, বৈধ পথে রেমিট্যান্স পাঠানো ও ব্যাংকিং সুবিধা সম্পর্কে তথ্য প্রদান এবং প্রবাসীদের দেশে বিনিয়োগে উৎসাহিত করতে বিনিয়োগ সহায়তা ব্যবস্থা চালুর দাবি।এ ছাড়া স্থায়ী সেবা কেন্দ্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত নিয়মিত পাসপোর্ট, NID, জন্মনিবন্ধন, ভূমি ও প্রবাসী কল্যাণ সেবা ক্যাম্প আয়োজন এবং জরুরি সমস্যা, প্রতারণা কিংবা বিদেশে বিপদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত যোগাযোগের জন্য একটি নির্দিষ্ট প্রবাসী হেল্পলাইন চালুর দাবি জানানো হয়েছে।

স্মারকলিপির অন্যতম প্রধান দাবি হলো, সন্দ্বীপে একটি স্থায়ী “প্রবাসী নাগরিক সেবা কেন্দ্র” প্রতিষ্ঠা করা। সেখানে পাসপোর্ট, NID, জন্মনিবন্ধন, পুলিশ ক্লিয়ারেন্স, ভূমি, প্রবাসী কল্যাণ ও আইনগত সহায়তাসহ সংশ্লিষ্ট সরকারি সেবাগুলো সমন্বিতভাবে প্রদানের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। স্মারকলিপিতে বিষয়টি মানবিক ও জনস্বার্থের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কাছে সুপারিশ পাঠানোর জন্য জেলা প্রশাসকের সদয় হস্তক্ষেপ কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category