জামাল উদ্দিন , কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারীদের জন্য বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি, গাইনোকোলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ, রোটারি ক্লাব অব ঢাকা ও সেভ লাইফ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়। গত মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে ৩০ বছরের ঊর্ধ্বে নারীদের বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সারের পরীক্ষা করা হয়। এতে মোট ১১০ জন নারী নিবন্ধন করে পরীক্ষা করান।
পরীক্ষার ফলাফলে ২ জনের VIA পজিটিভ, ২ জনের CBE পজিটিভ এবং ১ জনের পলিপস শনাক্ত হয়েছে। প্রাথমিক পর্যায়ে এসব রোগ বা ঝুঁকি শনাক্ত হওয়ায় প্রয়োজনীয় পরামর্শ ও পরবর্তী চিকিৎসার বিষয়ে তাদের অবহিত করা হয়।করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএন্ডএফপিও) ডা. রিয়াজ শাহেদ রনির তত্ত্বাবধানে ক্যাম্পের কার্যক্রম পরিচালিত হয়। এতে নার্সিং সুপারভাইজার শাহনাজ পারভীনসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা সহযোগিতা করেন।
কর্মসূচিতে ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর সাফরিনা জান্নাত, মাইক্রোফাইন্যান্সের এরিয়া ম্যানেজার মো. জুলহাস উদ্দিন, RESS লিড মোহাম্মদ বাশির উদ্দিন এবং স্বাস্থ্য কর্মসূচির মোহাম্মদ মাহফুজুর রহমান।
আয়োজকেরা জানান, নারীদের মধ্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করার লক্ষ্যেই এ ধরনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিনামূল্যে পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ পেয়ে স্থানীয় নারীরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, প্রত্যন্ত এলাকার নারীদের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও ব্র্যাকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যেন নিয়মিতভাবে এমন স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখে, সেই প্রত্যাশা করেন তারা।