ফিলিস্তিনি সংগঠন হামাস তাদের অধিকাংশ কার্যক্রম কাতার থেকে তুরস্কে স্থানান্তরের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম। তবে দোহায় সংগঠনটির আনুষ্ঠানিক ও কূটনৈতিক কার্যক্রমের একটি অংশ আগের মতোই চালু থাকবে।
ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কানের তথ্য অনুযায়ী হামাস তাদের মূল কার্যক্রম তুরস্কে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। তবে প্রকাশ্য ও দাফতরিক কর্মকাণ্ডের একটি বড় অংশ কাতারেই পরিচালিত হবে।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, হামাসপ্রধান হিসেবে খলিল আল-হাইয়াকে নির্বাচনের পর কাতার সরকারের সঙ্গে সংগঠনটির সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। এ নিয়েই হামাসের ওপর দোহায় পরিচালিত প্রতিটি আনুষ্ঠানিক কার্যক্রমের আগে অনুমোদন নেওয়ার চাপ বাড়ানো হয়।
এ পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই হামাস ধীরে ধীরে তাদের অধিকাংশ সাংগঠনিক কার্যক্রম তুরস্কে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।