এফ. এম সিফাত হাসান-শেরপুর প্রতিনিধি : আমাদের প্রাণের দেশের ভালোবাসার এক টুকরো লাল সবুজ পতাকা ধারণ করে আছে কোটি কোটি বাঙ্গালী।
বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে হৃদয়ের কুঠুরী থেকে বের করে ফসলের মাঠে লাল সবুজকে ছড়িয়ে দিয়েছেন আমাদের শেরপুরের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সবজি দিয়ে ফসলের মাঠে জাতীয় পতাকার আদলে চিত্রকল্প ফুটিয়ে তুলে আলোড়ন সৃষ্টি করেছেন তারা। এতে তারা ব্যবহার করেছেন লাল শাক ও পালং শাক। তাদের ওই অসাধারণ চিত্রকর্ম দেখতে ভিড় করছেন জেলার বিভিন্ন স্তরের মানুষ।
তারা শস্যক্ষেতে জাতীয় পতাকা তৈরী করে যেমন জাতীর পিতার প্রতি সম্মান দেখিয়েছেন তেমনি দেশের প্রতি দেখিয়েছেন অকৃত্রিম ভালোবাসা।জানা যায়, শেরপুরের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষকদের সহযোগিতা ও উৎসাহে শিক্ষার্থীরা ওই চিত্রকর্মটি বানাতে সফল হয়েছে। সবজি দিয়ে তৈরি করা লাল বৃত্তে রয়েছে লাল শাক ও সবুজ বৃত্তে রয়েছে পালং শাক।
শিক্ষার্থীরা জানিয়েছেন, সামনের দিনগুলোতেও তারা বঙ্গবন্ধুর ছবি, স্মৃতিসৌধসহ আরেকটি বড় করে বঙ্গবন্ধুর ছবি আঁকবে।এক শিক্ষার্থী জানান, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা। সেই চিন্তা মাথায় রেখেই এ বিজয়ের মাসে আমরা সবজি ক্ষেতে জাতীয় পতাকা বানাতে সক্ষম হয়েছি। সামনের দিনগুলোতেও আমাদের এসব কার্যক্রম অব্যাহত থাকবে।
এ ব্যাপারে শেরপুরের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই)’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল আজম খান জানান, আমাদের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ৪ বছর মেয়াদী যে কৃষি ডিপ্লোমা তাতে তাত্তিকভাবে বিভিন্ন কাজ শেখানো হয়। তাছাড়া হাতে কলমে শিখানোর জন্যই এ মাঠ।এ মাঠে প্রত্যেক ছাত্রের জন্য আলাদা আলাদা প্লট আছে, তারা সেখানে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে থাকে।
তিনি আরও জানান, বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে আমরা শিক্ষার্থীদের একটা এসাইনমেন্ট দেই যে, সবজি দিয়ে জাতীয় পতাকা বানাতে হবে। এতে তারা সফল হয়।