যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারির শ্বশুর থমাস মার্কেল সিনিয়রকে গ্রেপ্তার করেছে। শিশুদের যৌন নির্যাতনসংক্রান্ত আপত্তিকর ছবি ও ভিডিও সংরক্ষণের অভিযোগে ৮২ বছর বয়সী এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।
শুক্রবার (৬ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন বিচার বিভাগের এক কর্মকর্তা। তবে ঠিক কী অভিযোগে থমাস মার্কেলকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। পরিচয় প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা এ তথ্য দেন।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডার লেকল্যান্ডের একটি প্রবীণ নিবাস থেকে থমাস মার্কেলকে গ্রেপ্তার করা হয়।
তবে যুক্তরাষ্ট্রে তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ দায়ের করা হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে জানতে এফবিআইয়ের প্রতিনিধিদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারেনি রয়টার্স।