জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, ‘জুলাইয়ের রক্তের ঋণ শোধ হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে। যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন, তাদের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমাদের সবার।’অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই আমাদের হৃদয়ের একটি অংশ। যারা বুকের তাজা রক্ত দিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের আত্মত্যাগের কারণেই দেশের সামনে পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে জনগণের অধিকারভিত্তিক একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।তিনি বলেন, দীর্ঘদিনের গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থান নতুন শক্তি জুগিয়েছে। এখন বিভাজন ও সংঘাত নয়, আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।
জুলাই সনদ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার এটি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু হয়েছে এবং সংসদে সংশ্লিষ্ট কমিটি গঠন করা হয়েছে। প্রয়োজনীয় সংস্কারও আলোচনার ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে।গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের সমস্যা, কর্মসংস্থান ও নিরাপত্তার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। পাশাপাশি জুলাই আন্দোলনে শহীদ ও আহত সাংবাদিকদের পরিবারের প্রতিও রাষ্ট্রের দায়িত্ব রয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি জুলাই সনদের মূল বিষয়গুলোর সঙ্গে একমত হলেও গণভোটের বিষয়ে তাদের ভিন্নমত রয়েছে। তবে বিএনপি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে বলেও মন্তব্য করেন তিনি।বর্তমান সরকারের লক্ষ্য নতুন বাংলাদেশ গড়ে তোলা উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের প্রত্যাশা পূরণ, গণতন্ত্রের বিকাশ এবং মানুষের কল্যাণে বিভিন্ন খাতে ইতিবাচক পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জুলাই শহীদসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের অবদান জাতি কখনো ভুলবে না। একটি কার্যকর সংসদের মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত হলেই তাদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন হবে। আলোচনা সভায় সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।