দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম ও হামের উপসর্গ মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮০ শিশু। সোমবার (৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩ আগস্ট পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৭৫১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৬ শিশু। ফলে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৭।
সর্বশেষ ২৪ ঘণ্টায় পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১১৩ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে আরও ৯৬৭ জন। একই সময়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছে ৯০৮ শিশু এবং চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৯০৬ জন।
এদিকে, ১৫ মার্চ থেকে ৩ আগস্ট পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৩১ হাজার ৫০। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ১৬ হাজার ৪০৮ জন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ১৩ হাজার ৫২৮ জন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৯ হাজার ১৮৯ জন।