• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

ফুটবল থেকে অনির্দিষ্টকালের বিরতিতে লিওনেল মেসি

অনলাইন ডেস্ক / ১১ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

বাবা হোর্হে মেসির প্রয়াণে গভীর শোক ও মানসিকভাবে বিধ্বস্ত অবস্থায় ফুটবল থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতিতে যাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ক্লাব ইন্টার মায়ামিও জানিয়েছে, এই কঠিন শোক কাটিয়ে মাঠে ফিরে আসার জন্য তাকে প্রয়োজনীয় সব ধরনের সময় ও সমর্থন দেয়া হবে।আর্জেন্টিনার শীর্ষ ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ‘ডোবলে আমারিয়া’ এক প্রতিবেদনে জানিয়েছে, শোকাহত মেসি আপাতত যুক্তরাষ্ট্রের মায়ামিতে ফেরার কোনো সুনির্দিষ্ট তারিখ জানাননি। ফলে ক্লাব ফুটবল ইন্টার মায়ামির হয়ে তিনি কবে পুনরায় মাঠে নামবেন, সে বিষয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গত শনিবার (৮ আগস্ট) আর্জেন্টিনার রোজারিও শহরের একটি হাসপাতালে ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হোর্হে মেসি। বাবার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শোকে স্তব্ধ মেসি। বাবার শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে পরিবারের সঙ্গে আর্জেন্টিনায় ফেরেন ৩৯ বছর বয়সী ইন্টার মায়ামি অধিনায়ক।

এদিকে, ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোল ডটকম জানিয়েছে, মেসি ঠিক কতদিন মাঠের বাইরে থাকবেন সেই বিষয়ে কিছু বলেননি । এমনকি ৩৯ বছর বয়সী মহাতারকা অবসর নিয়ে ফেলবেন কি না, সেই প্রশ্নও তুলেছেন তারা। তবে এই গুঞ্জনকে পাশ কাটিয়ে মেসির দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে ক্লাব, সতীর্থ ও কোচিং স্টাফরা।

মেসির অনুপস্থিতিতে সাম্প্রতিক লিগস কাপের ম্যাচে হোর্হে মেসির প্রতি শ্রদ্ধা জানায় ইন্টার মায়ামি। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্টেডিয়ামের বড় পর্দায় হোর্হের নাম প্রদর্শন করা হয় এবং মায়ামির খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন। মেসির প্রতি সমর্থন জানাতে গ্যালারিতেও আবেগঘন পরিবেশ তৈরি হয়। সমর্থকেরা পতাকা হাতে নিয়ে স্লোগান দেন এবং ম্যাচের দশম মিনিটে মেসির প্রতি সমর্থন জানিয়ে ‘শক্ত থাকো, লিও’ লেখা ব্যানার প্রদর্শন করেন।

ম্যাচশেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মায়ামির ডিফেন্ডার ফাকুন্দো মুরা বলেন, ‘যা হয়েছে তাতে আমরা গভীরভাবে মর্মাহত। এই কঠিন সময়ে দূর থেকেই আমরা লিওর পাশে আছি। যখনই সে ফিরে আসার জন্য প্রস্তুত হবে, আমরা তাকে সমর্থন জানাব। এবং সামনের দিনগুলোতে আমরা তার পাশে আছি।’

ইন্টার মায়ামির কোচ গিয়ের্মো হয়োস বলেন, ‘এটি খুব কঠিন। অনেক সময় এমন পরিস্থিতিতে বলার মতো কোনো শব্দই থাকে না। এত কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেলে নিজেকে সামলে ওঠা কঠিন হয়ে পড়ে। তবে জীবনে এমন কিছু অভিজ্ঞতার মুখোমুখি আমাদের সবাইকেই হতে হয়। ব্যথাটা এত তীব্র যে কোনোভাবেই এর জন্য পুরোপুরি প্রস্তুত হওয়া যায় না।’

ফলে বৃহস্পতিবার কনকাকাফ লিগস কাপে লিঁওর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ইন্টার মায়ামির হয়ে মেসির মাঠে নামা হচ্ছে না। পরিবারের এই কঠিন ও শোকাবহ মুহূর্তে প্রিয়জনদের সঙ্গ দেওয়াকেই সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। মানসিক ধাক্কা সামলে ওঠার প্রক্রিয়া পুরোপুরি মেসির নিজের ওপর নির্ভর করছে। ফলে খুব শীঘ্রই তাকে মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম।

উল্লেখ্য, চলতি মৌসুমে দারুণ ফর্মে ছিলেন মেসি। ইন্টার মায়ামির জার্সি গায়ে ১৮ ম্যাচে অংশ নিয়ে ১৫টি গোল করার পাশাপাশি ৮টি অ্যাসিস্ট অবদান রাখেন তিনি। এ মাসে মেজর লিগ সকারে চার ম্যাচসহ মোট ১৭ টি ম্যাচ রয়েছে ইন্টার মায়ামির। ফলে আসন্ন ম্যাচগুলোতে দলের অধিনায়কের না থাকা বড় একটি প্রভাব ফেলতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category