প্রধানমন্ত্রী তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের অফিসের স্টাফ পরিচয় দিয়ে ডিজিটাল মাধ্যমে প্রতারণা ও অর্থ আদায়ের অভিযোগে আবু হুরায়রা (৩০) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।পুলিশ সুপার জানান, আবু হুরায়রা বিভিন্ন ভুয়া পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন জেলার রাজনৈতিক ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতেন। তিনি নিজেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের অফিসের স্টাফ হিসেবে পরিচয় দিয়ে সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিতেন। পরে বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে অর্থ দাবি ও আদায় করতেন।
তিনি আরও জানান, আবু হুরায়রা ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিংড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ বেতার, রংপুর কেন্দ্রে রেডিও টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। রংপুরে কর্মরত অবস্থায় একটি প্রতারণা মামলায় জড়িত হওয়ার অভিযোগে তিনি চাকরি থেকে বরখাস্ত হন। পুলিশ সুপার জানান, আবু হুরায়রার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ও প্রতারণার একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।