ঢাকা: ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ মার্চ) দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ মানুষের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে সবাই সচেতন হলে এ ধরনের রোগ থেকে নিজেদের রক্ষা করা সম্ভব।
তিনি বলেন, বিশেষজ্ঞদের মতে এডিস মশার কামড় থেকে মানুষ ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়। তাই এসব রোগ থেকে বাঁচতে আগে থেকেই প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।প্রধানমন্ত্রী জানান, সাধারণত বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা গেলেও বর্তমানে এ রোগ নির্দিষ্ট কোনো মৌসুমে সীমাবদ্ধ নেই। যেকোনো সময় ডেঙ্গু আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
বর্ষাকালে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্মায় এবং মাত্র তিন দিন পানি জমে থাকলেই সেখানে মশার বংশবিস্তার হতে পারে। তিনি বলেন, মশার প্রজনন নিয়ন্ত্রণে ড্রেন, ডোবা ও নর্দমাসহ যেসব স্থানে পানি জমে থাকার সুযোগ রয়েছে সেগুলো পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি।একই সঙ্গে ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার, ছাদ কিংবা আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পানির ট্যাংক ঢেকে রাখা এবং প্রতি সপ্তাহে অন্তত একবার বাড়ির ভেতর ও আশপাশ পরিষ্কার রাখার পরামর্শও দেন প্রধানমন্ত্রী।ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী আরও জানান, আসন্ন বর্ষা মৌসুমের আগে থেকেই ডেঙ্গু প্রতিরোধে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে আগামী ১৪ মার্চ শনিবার থেকে প্রতি সপ্তাহে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে।
স্থানীয় প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার জাতীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের জনগণকে সঙ্গে নিয়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, সরকারের জাতীয় স্বাস্থ্যনীতির মূল নীতি হচ্ছে—‘প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম’। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।এছাড়া ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়া থেকে জনগণকে রক্ষা করতে আগামী ১৪ মার্চ হতে সারাদেশে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে বলেও জানা গেছে।
Leave a Reply