গাজীপুর : গাজীপুর মহানগরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে বিভিন্ন অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ায় চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে এ সিদ্ধান্ত নেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সকালে পূর্ব ঘোষণা ছাড়াই কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে পরিদর্শনে যান জেলা প্রশাসক। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিযোগ শোনেন।
পরিদর্শনকালে বিভিন্ন অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, সফিকুল ইসলাম খান এবং আব্দুল হালিমকে সাময়িক বরখাস্ত করা হয়।এ সময় গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হাসিবুর রহমান এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসাইন উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসক সফিপুরের অপর একটি ভূমি অফিসও পরিদর্শন করেন।