• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

শাহজালাল বিমানবন্দর থেকে আটক শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’

অনলাইন ডেস্ক / ৪ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (২২ নভেম্বর) গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২৩ নভেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।নব্বইয়ের দশকে রাজধানীর অপরাধজগতে অন্যতম আলোচিত নাম ছিলেন সুইডেন আসলাম। হত্যা, চাঁদাবাজি ও অস্ত্রসংক্রান্ত বিভিন্ন অপরাধের অভিযোগে তাঁকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়।

২০০১ সালের ২৭ ডিসেম্বর পুলিশ প্রশাসনের প্রকাশিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তাঁর নাম ছিল। পরবর্তী সময়ে ২০১০ সালে প্রকাশিত ৪২ শীর্ষ সন্ত্রাসীর তালিকাতেও স্থান পান তিনি। বিভিন্ন সময়ে সুইডেন আসলামের বিরুদ্ধে ২২টি মামলা দায়ের হয়। এর মধ্যে নয়টি হত্যা মামলা রয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব মামলায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছিল।

১৯৮৬ সালে রাজধানীর ফার্মগেটের পূর্ব রাজাবাজার এলাকায় স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এরপর রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘটিত একাধিক অপরাধমূলক ঘটনায় তাঁর নাম আলোচনায় আসে।

তেজগাঁও এলাকার যুবলীগ নেতা মাহমুদুল হক খান ওরফে গালিব হত্যাকাণ্ডেও তাঁর নাম জড়ায়। ১৯৯৭ সালের ২৩ মার্চ সংঘটিত ওই হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সুইডেন আসলামসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়। ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তারের পর বিভিন্ন কারাগারে বন্দী ছিলেন সুইডেন আসলাম। ২০১৪ সাল থেকে তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ছিলেন।

দীর্ঘ প্রায় ১৯ বছর কারাবাসের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর রাতে জামিনে মুক্তি পান তিনি। পরদিন ৪ সেপ্টেম্বর কারা কর্তৃপক্ষ তাঁর মুক্তির বিষয়টি নিশ্চিত করে। সে সময় তাঁর বিরুদ্ধে থাকা কয়েকটি মামলায় খালাস এবং অন্য কয়েকটিতে জামিন পাওয়ার তথ্য প্রকাশিত হয়।কারাগার থেকে মুক্তির প্রায় দুই বছর পর এবার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তারের খবর জানাল ডিবি।তবে কী উদ্দেশ্যে তিনি বিমানবন্দরে গিয়েছিলেন, কোন মামলায় বা কী অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ কী হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category