ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৩২টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও সক্ষমতা বাড়াতে ১৩ হাজার ৫৮০ কোটি টাকা ব্যয়ে দুটি বড় প্রকল্প হাতে নিচ্ছে সরকার। প্রকল্প দুটি বাস্তবায়িত হলে নতুন উপকেন্দ্র ও বিতরণ লাইন নির্মাণের মাধ্যমে জাতীয় গ্রিডে অতিরিক্ত ২ হাজার ৬৮১ এমভিএ বিদ্যুৎ বিতরণের সক্ষমতা যুক্ত হবে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) উদ্যোগে নেওয়া প্রকল্প দুটির মোট ব্যয়ের মধ্যে প্রায় ৮ হাজার ৯৪৪ কোটি টাকা বা ৭৩১ মিলিয়ন ডলার বিদেশি ঋণ থেকে সংস্থান করা হবে। এ অর্থ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, আজ বুধবার সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রকল্প দুটি চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেকের সভাপতি তারেক রহমান।
একনেকের তথ্য অনুযায়ী, আজকের সভায় নতুন চারটি এবং সংশোধিত ১০টিসহ মোট ১৪টি প্রকল্প অনুমোদনের জন্য তোলা হবে। বিদ্যুৎ খাতের পাশাপাশি মাধ্যমিক ও উচ্চশিক্ষা, স্বাস্থ্যসেবা, সমাজকল্যাণ, সংস্কৃতি, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সড়ক পরিবহন বিভাগের একাধিক প্রকল্পও রয়েছে তালিকায়। এ ছাড়া পরিকল্পনামন্ত্রী এর আগে যে সাতটি প্রকল্প অনুমোদন দিয়েছেন, সেগুলোর বিষয়ে একনেক সদস্যদের অবহিত করা হবে।
প্রকল্পের নথি পর্যালোচনায় দেখা গেছে, ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণ ব্যবস্থার সক্ষমতা বাড়াতে ৪ হাজার ৬০১ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৯৬২ কোটি ৯৩ লাখ টাকা, এডিবির ঋণ হিসেবে ২০০ মিলিয়ন ডলার বা প্রায় ২ হাজার ৪৫৫ কোটি টাকা এবং বাপবিবোর নিজস্ব তহবিল থেকে ১ হাজার ১৮৩ কোটি টাকা ব্যয় করা হবে। নথিতে বলা হয়েছে, ১৩টি সমিতির এলাকায় ২০৩৩ সাল নাগাদ বিদ্যুতের চাহিদা বেড়ে ৯ হাজার ৭৬০ এমভিএতে পৌঁছাবে। বর্তমানে চলমান প্রকল্পসহ বিদ্যুৎ বিতরণের সক্ষমতা রয়েছে ৬ হাজার ৯৩০ এমভিএ। ফলে চাহিদার বিপরীতে ঘাটতি দাঁড়াবে ২ হাজার ৮৩০ এমভিএ।
এই ঘাটতি মোকাবিলায় প্রস্তাবিত প্রকল্পের আওতায় ৫২টি নতুন উপকেন্দ্র নির্মাণ করা হবে। পাশাপাশি ১২টি উপকেন্দ্রের ক্ষমতা বাড়িয়ে ১ হাজার ২৬৫ এমভিএ এবং তিনটি উপকেন্দ্রে অতিরিক্ত ট্রান্সফরমার স্থাপনের মাধ্যমে আরও ৩০ এমভিএ সক্ষমতা যুক্ত করা হবে। সব মিলিয়ে বিতরণ সক্ষমতা বাড়বে ১ হাজার ২৯৫ এমভিএ। এ ছাড়া ৪ হাজার ২০০ কিলোমিটার বিতরণ লাইন নির্মাণ ও সংস্কার করা হবে।
অন্য প্রকল্পটির আওতায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৯টি পল্লী বিদ্যুৎ সমিতির অবকাঠামো উন্নয়নে ৮ হাজার ৯৭৯ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে সরকার দেবে ১ হাজার ২৮২ কোটি টাকা, বাপবিবো নিজস্ব তহবিল থেকে দেবে ১ হাজার ২০৭ কোটি টাকা। বাকি ৫৩১ মিলিয়ন ডলার বা প্রায় ৬ হাজার ৪৮৯ কোটি টাকা ঋণ হিসেবে দেবে এআইআইবি।
এই অঞ্চলের ১৯টি সমিতিতে ২০৩১ সাল নাগাদ বিদ্যুতের চাহিদা বেড়ে ৭ হাজার ৩৭০ এমভিএ হবে বলে প্রাক্কলন করা হয়েছে। বিপরীতে বর্তমানে বিতরণ সক্ষমতা রয়েছে ৫ হাজার ২৯৪ এমভিএ। ফলে ঘাটতি থাকবে ২ হাজার ৭৬ এমভিএ। এই ঘাটতি পূরণে ৯০টি নতুন উপকেন্দ্র নির্মাণ করে ১ হাজার ৩৮৬ এমভিএ সক্ষমতা বাড়ানো হবে।এ ছাড়া ২৩ হাজার ৪৩৮ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ ও উন্নয়ন, ছয়টি সুইচিং স্টেশন স্থাপন এবং কুমিল্লা ও চট্টগ্রাম জোনে আধুনিক স্ক্যাডা (এসসিএডিএ) ব্যবস্থা চালু করা হবে।
প্রকল্প দুটির আওতায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় আধুনিক ‘ফল্ট লোকেটর’ স্থাপন করা হবে। এর মাধ্যমে বিদ্যুৎ বিভ্রাটের কারণ দ্রুত শনাক্ত করা সম্ভব হবে, ফলে সরবরাহ স্বাভাবিক করাও সহজ হবে। প্রকল্প বাস্তবায়নের পর ঢাকার পার্শ্ববর্তী এলাকায় সিস্টেম লস ৫ দশমিক ১ শতাংশ থেকে কমিয়ে ৪ দশমিক ৫৭ শতাংশে নামানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একইভাবে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে সিস্টেম লস ১০ দশমিক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ৮ দশমিক ৪০ শতাংশে আনার পরিকল্পনা রয়েছে।