তুরস্ক চাইলে ভূমিকম্পে বিধ্বস্ত এলাকা বিনির্মাণে বাংলাদেশ থেকে জনবল পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আজ শুক্রবার সিলেট নগরীর জিন্দাবাজারে ‘বাংলাদেশে প্রাণিসম্পদ খাত: সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ক বিভাগীয় মিডিয়া ওরিয়েন্টেশন কর্মশালা শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, ‘গতকাল বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে ফোনে কথা হয়। ওরা (তুরস্ক) বলেছে যে, এখনও তো বহু মরদেহ নিচে রয়ে গেছে। উদ্ধারকাজ চলছে। তারা বলেছেন, পরবর্তীতে রিকনস্ট্রাকশন (পুনরায় নির্মাণ) করব। আমরা বলেছি, তোমরা যদি বাড়িঘর বানাতে চাও, লেবারের যদি দরকার হয়, আমাদের লেবার আমরা দিতে পারব। তারা বলছেন, লুকিং টু ইট। তাদের অবশ্য কনস্ট্রাকশনের লোক আছে।’