• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন মির্জা ফখরুল, শুক্রবার শপথ

অনলাইন ডেস্ক / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

দীর্ঘ ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন। ভোটের সমীকরণে ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ থেকে বড় ব্যবধানে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোট দেবেন সংসদ সদস্যরা (এমপি)। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনে শপথ হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংসদে দলগুলোর আসনসংখ্যার হিসেবে শুরু থেকেই এগিয়ে রয়েছেন মির্জা ফখরুল। জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য এই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।জাতীয় সংসদের সাধারণ আসন ও সংরক্ষিত মিলে বিএনপির সদস্য ২৪৭ জন। বিপরীতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শরিক দলগুলোর মোট আসন বিএনপির তুলনায় অনেক কম। রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে অন্য প্রার্থীকে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। ফলে সংখ্যার হিসেবে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি প্রার্থীর জয় প্রায় নিশ্চিত। সংসদে সাধারণ আসন ও সংরক্ষিত মিলে বিএনপি-২৪৭ জন, জামায়াতে ইসলামী-৭৭ জন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-৮ জন, স্বতন্ত্র-৮ জন, বাংলাদেশ খেলাফত মজলিস-৩ জন, অন্যান্য ছোট দল মিলিয়ে-৬ জন।

সরল সংখ্যাগরিষ্ঠতার হিসেব ধরলে ৩৪৯ ভোটের মধ্যে ১৭৫ ভোট পেলেই একজন প্রার্থী সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারবেন। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে ওপেন ব্যালটে। সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে ব্যালটে প্রার্থীর নাম লিখে স্বাক্ষর করবেন। ফলে কে কোন প্রার্থীকে ভোট দিয়েছেন, তা গোপন থাকবে না। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত দলীয় হিসাবের সঙ্গে ভোটের ফল কতটা মেলে। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও সংসদ সদস্য হওয়ায় ভোট দিতে পারবেন। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী অলি আহমদ সংসদ সদস্য নন, তাই তিনি এই নির্বাচনে ভোট দিতে পারবেন না।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোট দেবেন সংসদ সদস্যরা (এমপি)। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট শেষে সংসদ কক্ষেই ব্যালট গণনা হবে। গণনা শেষে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ফল ঘোষণা করবেন। পরে নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করা হবে।শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বঙ্গভবনের দরবার হলে এ শপথ অনুষ্ঠান হবে। বর্ণাঢ্য এ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সরকার প্রধান, মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।

গত ২৪ জুলাই ২২-তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করলে ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ১৯৯১ সালের পর আর নির্বাচন হয়নি। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়ে থাকেন জাতীয় সংসদ সদস্যরা। আগের নির্বাচনগুলোতে সংসদে ক্ষমতাসীন দলের সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিরোধী দল থেকে কোনো প্রার্থী আসেননি। একক প্রার্থী থাকায় বারবার রাষ্ট্রপতি পদপ্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এবার সরকার দলীয় সংসদ সদস্যদের ভোটে হেরে যাওয়া নিশ্চিত জেনেও বিরোধী দল থেকে প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে প্রার্থী দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনের ভোটে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে ১১ দলীয় জোটের প্রেসিডেন্ট প্রার্থী এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর চেয়ারম্যান কর্নেল (অব) অলি আহমদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category