বান্দরবানের আলীকদম উপজেলার মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে মিয়ানমারের ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর’ ১৪ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট ১৪ জন স্বেচ্ছায় আলীকদম ব্যাটালিয়নের অধীন কিল্লাইপাড়া চেকপোস্টে এসে আত্মসমর্পণ করেন। পরে তাদের বিজিবির হেফাজতে নেওয়া হয়। বিজিবি জানায়, কিল্লাইপাড়া চেকপোস্ট থেকে তাদের আলীকদম ব্যাটালিয়ন সদরে নেওয়া হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। তারা নিরস্ত্র অবস্থায় বেসামরিক পোশাকে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।
বিজিবির পক্ষ থেকে বলা হয়, অবৈধ অনুপ্রবেশ, ফরেনার্স অ্যাক্ট, সরকারি নির্দেশনা এবং সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা-সংক্রান্ত বিধিবিধান লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ জন্য ১৯ আগস্ট তাদেরকে আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা বলেন, “১৮ আগস্ট মিয়ানমারের নাগরিক আটক করে বিজিবি। পরে তাদেরেকে থানায় হস্তান্তর করে। তাদেরে বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।”