• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

নৌপথেও বাড়ল ভাড়া

নিজস্ব প্রতিবেদক / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের পরিপ্রেক্ষিতে দেশের অভ্যন্তরীণ নৌপথে যাত্রী পরিবহনের ভাড়া বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত হারে প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ২২ পয়সা এবং এরপরের দূরত্বে ১৯ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। একই সঙ্গে জনপ্রতি সর্বনিম্ন ভাড়াও ৩ টাকা বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে। নতুন ভাড়া গত ২৪ সেপ্টেম্বর থেকেই কার্যকর বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে নৌপথে যাত্রী পরিবহনের সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়ার হার পুনর্নির্ধারণ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। এ বিষয়ে ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯’-এর ২৭ বিধি অনুযায়ী প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ছন্দা পাল স্বাক্ষর করেছেন। এতে বলা হয়েছে, জনস্বার্থে পুনর্নির্ধারিত ভাড়ার হার গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর হবে।

নতুন ভাড়া অনুযায়ী, নৌপথে প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত যাত্রী পরিবহনে প্রতি কিলোমিটারে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩ টাকা ১৭ পয়সা। আগে এ হার ছিল ২ টাকা ৯৫ পয়সা। অর্থাৎ প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে ২২ পয়সা।

অন্যদিকে প্রথম ১০০ কিলোমিটারের পরের দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ টাকা ৭১ পয়সা। আগের ভাড়া ছিল ২ টাকা ৫২ পয়সা। এ ক্ষেত্রে কিলোমিটারপ্রতি ভাড়া বেড়েছে ১৯ পয়সা।

দূরত্বভিত্তিক ভাড়া বৃদ্ধির পাশাপাশি নৌপথে চলাচলের ক্ষেত্রে সর্বনিম্ন যাত্রীভাড়াও বাড়ানো হয়েছে। আগে জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ছিল ৩২ টাকা। নতুন তালিকায় তা ৩ টাকা বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

যাত্রীদের কাছে নতুন ভাড়ার হার স্পষ্টভাবে তুলে ধরতে দেশের সব নদীবন্দর টার্মিনাল এবং সংশ্লিষ্ট নৌযানের দৃশ্যমান স্থানে সংশোধিত ভাড়ার তালিকা বাধ্যতামূলকভাবে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অভ্যন্তরীণ নৌযানের যাত্রীভাড়া নির্ধারণের বিষয়ে এর আগে জারি করা সব প্রজ্ঞাপন ও আদেশ নতুন এই নির্দেশনার মাধ্যমে বাতিল করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category