নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে গরুবাহী নছিমনের মুখোমুখি সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। শনিবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের হাজিরহাট গ্যাসপাম্প সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই নছিমনের যাত্রী ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোরের বড়াইগ্রাম এলাকার কয়েকজন ব্যবসায়ী নছিমনে গরু নিয়ে সিরাজগঞ্জের চান্দাইকোনা হাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে গুরুদাসপুরের হাজিরহাট গ্যাসপাম্প সংলগ্ন এলাকায় পৌঁছালে ঢাকা থেকে রাজশাহীগামী ‘আরআর পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নছিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে নছিমনটি দুমড়ে-মুচড়ে গিয়ে গরু ব্যবসায়ী আব্দুর রহমান ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর গুরুতর আহত আক্কাস আলীকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর ছোট ভাই জাহাঙ্গীরও মারা যান। এ দুর্ঘটনায় বাসটির সামনের কাচ ভেঙে দুমড়েমুচড়ে গেলেও বাসের কোনো যাত্রী হতাহত হননি।
নিহতরা হলেন—পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার লক্ষীকোল এলাকার আব্দুর রহমান (৭০), ধামানিয়াপাড়া মহল্লার আক্কাস আলী (৫৮) এবং তাঁর ছোট ভাই জাহাঙ্গীর হোসেন (৪৮)। আহত অন্য চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ বাঁক থাকায় প্রায়শই দুর্ঘটনা ঘটছে। সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কটি দ্রুত চার লেনে উন্নীত করা জরুরি। এছাড়া হাইওয়ে পুলিশের পর্যালোচনামূলক নজরদারির অভাবে মহাসড়কে নছিমন-ভুটভুটির মতো অবৈধ যান চলাচল বৃদ্ধি পেয়ে দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।