• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

১১৬৪ কোটি টাকায় আধুনিক রূপ পাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ

অনলাইন ডেস্ক / ৬ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা ও শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ আধুনিকায়ন ও পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। অতিরিক্ত রোগীর চাপ, পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবন এবং শিক্ষার্থীদের আবাসন সংকট বিবেচনায় নিয়ে নেওয়া হয়েছে এই উদ্যোগ।প্রকল্পটি বাস্তবায়নে ১ হাজার ১৬৪ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। আগামী বুধবার (১৯ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রকল্পটি উপস্থাপনের প্রস্তুতি চলছে। অনুমোদন পাওয়া গেলে চলতি বছরই এর কাজ শুরু হতে পারে। ২০৩০ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সূত্র জানায়, প্রকল্পের আওতায় ঢাকা মেডিকেল কলেজে আধুনিক একাডেমিক ভবন, শিক্ষার্থীদের জন্য নতুন হোস্টেল, শিক্ষকদের আবাসিক ভবনসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হবে। পাশাপাশি ক্যাম্পাসে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন, সৌরবিদ্যুৎ ও বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা করা হবে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা মেডিক্যাল কলেজের চিকিৎসা শিক্ষা ও গবেষণার অবকাঠামো আরও শক্তিশালী হবে। এর ফলে দক্ষ চিকিৎসক তৈরির পাশাপাশি রোগীদের উন্নত চিকিৎসাসেবা দেওয়ার সুযোগও বাড়বে। এসব বিবেচনায় প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।১৯৪৬ সালে প্রতিষ্ঠিত ঢাকা মেডিকেল কলেজ দেশের প্রথম সারির চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি। প্রতিষ্ঠার পর থেকেই চিকিৎসা শিক্ষা ও সেবায় প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে এর ক্যাম্পাসে প্রায় ৬০টি পুরোনো ও নতুন ভবন রয়েছে। এর মধ্যে বেশ কিছু ভবন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৬০০ শয্যা থাকলেও প্রতিদিন প্রায় ৪ হাজার রোগী চিকিৎসা নিতে আসেন। ফলে বিদ্যমান অবকাঠামোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে।

প্রস্তাবিত প্রকল্পের আওতায় তিনটি বেজমেন্টসহ ১৫ তলা একটি আধুনিক একাডেমিক ভবন নির্মাণ করা হবে। ভবনটিতে ৩০০ আসনের চারটি লেকচার থিয়েটার এবং দুটি পরীক্ষা কক্ষ থাকবে।এ ছাড়া ৮০০ শিক্ষার্থীর আবাসনের জন্য নির্মাণ করা হবে ১৫ তলা ছাত্র হোস্টেল। শিক্ষকদের আবাসন সংকট কমাতে নির্মিত হবে ১৫ তলা আবাসিক কোয়ার্টার ভবন। ক্যাম্পাসে ৮০০ মুসল্লির নামাজ আদায়ের জন্য চারতলা মসজিদ নির্মাণের পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি ফায়ার হাইড্র্যান্ট ব্যবস্থা, আধুনিক লিফট, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজায়নের ব্যবস্থা রাখা হবে। বিদ্যুৎ ও পানি সাশ্রয়ে সৌরবিদ্যুৎ এবং বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থাও করা হবে।

প্রকল্পের আওতায় ডা. ফজলে রাব্বি হল এবং এর আশপাশের অভ্যন্তরীণ সড়ক উন্নয়নের পরিকল্পনা রয়েছে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী এমবিবিএস ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন। পুরোনো আবাসিক ভবনগুলোর কয়েকটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় শিক্ষার্থীদের আবাসন সংকটও তীব্র হয়েছে। ডা. ফজলে রাব্বি হলের একটি অংশ ইতোমধ্যে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করতে নতুন হোস্টেল নির্মাণকে জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টদের মতে, আধুনিক ও টেকসই অবকাঠামো গড়ে তোলা গেলে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসা শিক্ষা, গবেষণা ও সেবার মান আরও উন্নত হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও আধুনিক পরিবেশ তৈরির পাশাপাশি রোগীরাও উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category