স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা, প্রাথমিক চিকিৎসা জ্ঞান এবং জরুরি পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়াতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘১ম ন্যাশনাল মেডভার্স সামিট ২০২৬’।
আগামী ১২ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার) রাজধানীর ঢাকা সেনানিবাসে অবস্থিত আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হবে এই মেডিকেল ও স্বাস্থ্য বিষয়ক বৃহৎ উৎসব।
আদমজী স্কুল ফার্স্ট এইড অ্যান্ড সেলফ ইমপ্রুভমেন্ট ক্লাব (ASFASIC)-এর উদ্যোগে আয়োজিত এ জাতীয় সামিটে সারাদেশের ৫০টিরও বেশি শীর্ষস্থানীয় স্কুল ও কলেজের প্রায় ৩ হাজারের বেশি শিক্ষার্থী এবং ৫০০ জন শিক্ষক ও আমন্ত্রিত অতিথি অংশগ্রহণ করবেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা, চিকিৎসা বিষয়ে আগ্রহ, নেতৃত্বের গুণাবলি এবং মানবিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যেই এই সামিটের আয়োজন করা হয়েছে।
মেডভার্স সামিট ২০২৬-এ শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে চারটি বিশেষ ক্যাটাগরিতে ১৫টি প্রতিযোগিতামূলক আয়োজন। এর মধ্যে রয়েছে—
অ্যাকাডেমিক অ্যান্ড মাইন্ড এরেনা:
ফার্স্ট এইড কুইজ, সাইকোলজি অলিম্পিয়াড, মাইন্ড হ্যাক কুইজ এবং ‘ফার্স্ট এইড: মিথ বনাম সত্য’ চ্যালেঞ্জ।
এক্সিকিউশন অ্যান্ড এক্সিবিশন এরেনা:
ফার্স্ট এইড বিষয়ক ওয়াল ম্যাগাজিন, স্ক্র্যাপবুক, স্বাস্থ্য সচেতনতা উপস্থাপনা ও প্রদর্শনী।
ডিজিটাল ক্রিয়েটিভ ল্যাব:
ফার্স্ট এইড সচেতনতা ভিডিও, রিল/শর্ট ভিডিও, ডিজিটাল পোস্টার, ইনফোগ্রাফিক, ফটোগ্রাফি ও স্বাস্থ্য সচেতনতামূলক মিম প্রতিযোগিতা।
রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজি ক্যাটাগরি:
প্রবন্ধ রচনা ও অনলাইন কেস স্টাডি চ্যালেঞ্জের মাধ্যমে শিক্ষার্থীরা গবেষণাধর্মী দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে।
সামিটের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে কৌশলগত ট্রেজার হান্ট প্রতিযোগিতা ‘মেড-কোয়েস্ট (Med-Quest)’। এ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে ১০ হাজার টাকার প্রাইজপুল।