রাজধানী থেকে নেত্রকোণা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে নেত্রকোণা-১ আসনের কার্যক্রম নিষিদ্ধ দলের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী (৬৫) মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসায় আত্মগোপনে রয়েছেন। ওই সংবাদের ভিত্তিতে বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, মোশতাক আহমেদ রুহী কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং নেত্রকোণা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় সংসদ বিলুপ্ত হলে তিনি সংসদ সদস্য পদ হারান।