করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে ভুটানে, যে কারণে নতুন করে সাত দিনের লকডাউন ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী লোটে শেরিং। গতকাল মঙ্গলবার তিনি ঘোষণা দেওয়ার পর আজ বুধবার থেকে সেটি কার্যকর হয়েছে। এর আগে গত আগস্টে ২১ দিনের লকডাউন ঘোষণা করে ভুটান।
মঙ্গলবার জাতির উদ্দেশে এক ভাষণে প্রধানমন্ত্রী লোটে শেরিং বলেন, ‘যদিও আমরা সাতদিনের লকডাউন ঘোষণা করেছি। ভাইরাসের গতিবিধি দেখে পরবর্তী সময়ে লকডাউনের সময় বাড়ানো হবে কি না, এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
লকডাউনের মধ্যে দেশের অভ্যন্তরে শাকসবজি ও অন্যান্য পণ্য সরবরাহ চালু থাকবে বলে জানিয়েছে ভুটানের স্বাস্থ্য মন্ত্রণালয়। এক ফেসবুকে পোস্টে সংস্থাটি লকডাউনের বিধিনিষেধের পাশাপাশি করোনা পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য, স্বাস্থ্যবিধি জানিয়েছে।