বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

পদত্যাগপত্র জমা দিলেন ডিএমপি কমিশনার

পদত্যাগপত্র জমা দিলেন ডিএমপি কমিশনার

ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন শেখ মো. সাজ্জাত আলী। পুলিশের মহাপরিদর্শক পদে পরিবর্তন আসার পরদিনই সরে যাওয়ার খবর দিলেন ডিএমপি কমিশনার। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে অব্যাহতিপত্র স্বাক্ষর করে পুলিশ সদর দফতরে পাঠান তিনি। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিডি মোহাম্মদ তালেবুর রহমান।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ২১ নভেম্বর শেখ মো. সাজ্জাত আলীকে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্র্বতীকালীন সরকার। অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল।

চাকরির মেয়াদ শেষ হওয়ার পরও তাকে দুই বছরের জন্য চুক্তিতে এই পদে নিয়োগ দেওয়া হয়। শেখ সাজ্জাত আলী ১৯৮৬ সালের ২১ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন। অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তিনি ঝিনাইদহ, পুলিশ হেডকোয়ার্টার্স ও এসবিতে দায়িত্ব পালন করেন। উপ-পুলিশ কমিশনার হিসেবে তিনি ডিএমপি, পুলিশ সুপার হিসেবে নড়াইল, বাগেরহাট ও লক্ষ্মীপুর জেলায় দায়িত্ব পালন করেন। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ডিআইজি পদে পদোন্নতি লাভ করে তিনি হাইওয়ে পুলিশ, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স ও ঢাকা রেঞ্জ ডিআইজির দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেন।

২০১৬ সালের ৩ নভেম্বর তাকে বাধ্যতামূলক অবসর প্রদানের সময় তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত ছিলেন। তিনি অন্তর্র্বতী সরকার গঠিত পুলিশ সংস্কার কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। সাজ্জাত আলী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেন এবং দেশে-বিদেশে পেশাগত নানা প্রশিক্ষণ নেন। সাজ্জাত আলী ১৯৬১ সালের ২৫ মার্চ ঢাকা জেলায় সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার বাবার নাম শেখ ওয়াজেদ আলী এবং মাতার নাম নুরজাহান বেগম। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জনক।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com