রংপুর আফিস: রংপুর মহানগরীর লালবাগ কলেজ পাড়া ২৮ নং ওয়ার্ড এলাকায় আগামী রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মোঃ লিটন মিয়ার বসতবাড়ীতে মাদক ব্যবসার অভিযোগ তুলে হামলা ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ৫০ থেকে ৬০ জনের একটি সংঘবদ্ধ দল এই হামলায় অংশ নেয় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়,মোঃ লিটন মিয়া অতীতে মাদক ব্যবসার সাথে জড়িত থাকলেও,গত তিন বছর আগে নিজের ভুল বুঝতে পেরে সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরে আসেন,এরপর থেকে তিনি নিজেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করেন এবং এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি লিটন মিয়া এলাকার সচেতন তরুণ সমাজকে সাথে নিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে একটি মাদক বিরোধী কমিটি’ গঠন করেন এবং এলাকায় মাদক নির্মূলে অগ্রণী ভূমিকা পালন করছিলেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, লিটন মিয়ার এসব ইতিবাচক সামাজিক কর্মকাণ্ড এবং আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ঘোষণায় ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী ও দুষ্কৃতকারী। তারা বহিরাগতদের ভুল বুঝিয়ে কোনো তথ্য প্রমাণ ছাড়াই সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই হামলা চালায়। হামলাকারীরা লিটন মিয়ার বসতবাড়ির মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে এবং স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ঘটনার বর্ণনা দিয়ে লিটন মিয়ার স্ত্রী শ্যামলী আক্তার বলেন,আমি বাসায় আমার দুই কন্যাসন্তানকে নিয়ে ছিলাম। হঠাৎ একদল লোক এসে কোনো কথা না বলেই বাড়ি ভাঙচুর ও লুটপাট শুরু করে।
আমার স্বামী যদি কোনো অপরাধ করে থাকে, তবে দেশের আইন তার বিচার করবে। কিন্তু গত ৩ বছর ধরে তিনি সমস্ত অপরাধমূলক কর্মকাণ্ড ছেড়ে স্বাভাবিক জীবনযাপন করছেন। নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই একটি চক্র আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি আরও বলেন, আজ আমি নিজের বাড়িতে থাকতে পারছি না। সন্তানদের নিয়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছি। একাধিক মাধ্যমে আমাদের হুমকি দেওয়া হচ্ছে যে, বাড়িতে ফিরলে আমাকে, আমার স্বামী ও সন্তানদের মেরে ফেলা হবে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। কোনো ব্যক্তির অপরাধ প্রমাণিত না হতেই এভাবে বাড়িতে হামলা ও লুটপাটের বিচার কি আমরা পাবো না? আমি সরকারের কাছে আমাদের জানমালের নিরাপত্তা ও ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক বিচার চাই। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারটি আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছে।