আত্মগোপনে থাকা নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা, সাংগঠনিক কার্যক্রম পুনরুজ্জীবিত করা এবং মাঠপর্যায়ে কর্মীদের সংগঠিত করতে বান্দরবানে গোপনে তৎপরতা চালাচ্ছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। ডিসেম্বরকে সামনে রেখে জেলার সাতটি উপজেলায় পৃথক পৃথক হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে দায়িত্ব বণ্টন, অনলাইন বৈঠক এবং নেতাকর্মীদের আর্থিক সহযোগিতার সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, বান্দরবান সদর উপজেলায় দলীয় কার্যক্রমে স্থবিরতা এবং দায়িত্বশীল নেতাকর্মীদের আত্মগোপনে থাকার পরও নতুন করে সাংগঠনিক যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রম পরিচালনায় বান্দরবান সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ কামালসহ কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে নারী নেতাকর্মীদের সংগঠিত করার দায়িত্ব দেওয়া হয়েছে বান্দরবান সদর উপজেলা মহিলা লীগের সভানেত্রী ও সুয়ালক ইউনিয়নের ইউপি সদস্য কুলসুমা বেগমসহ আরও কয়েকজন নারী নেত্রীকে।
দলীয় কার্যালয়ের জন্য বাবার জমি দান, আলোচনায় মহিলা লীগ নেত্রী
বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের জন্য বাবার দুই শতক জমি দান করে আলোচনায় আসেন মহিলা লীগ নেত্রী কুলসুমা বেগম। জেলা পরিষদের অনুদানে নির্মিত ওই কার্যালয়টি এখনো রয়েছে। বর্তমানে কার্যালয়টি বন্ধ থাকলেও মাঝেমধ্যে সেখানে কুলসুমা বেগমের যাতায়াত ও অবস্থানের তথ্য পাওয়া গেছে।
হোয়াটসঅ্যাপ গ্রুপ ঘিরে সাংগঠনিক তৎপরতা
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ভিন্ন ভিন্ন সংগঠনের নাম ব্যবহার করে একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে ‘সাঙ্গু’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে দায়িত্বপ্রাপ্ত উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ কামাল ও কুলসুমা বেগমকে অভিনন্দন জানানো হয়েছে। এসব গ্রুপের মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ রক্ষা, দায়িত্ব বণ্টন এবং সাংগঠনিক সমন্বয়ের কাজ পরিচালিত হচ্ছে।
জুম মিটিংয়ে আলোচনা হচ্ছে আর্থিক সহযোগিতা নিয়েও
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের দাবি, জেলা পর্যায়ের আত্মগোপনে থাকা কয়েকজন নেতার সঙ্গে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অনলাইন বৈঠক হয়েছে। এসব বৈঠকে নেতাকর্মীদের সংগঠিত রাখা, পারস্পরিক যোগাযোগ বজায় রাখা এবং কোনো নেতাকর্মী গ্রেপ্তার হলে তাঁদের আর্থিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে। আত্মগোপনে থাকা জেলা পর্যায়ের নেতারা আর্থিক সহায়তার জোগান দেবেন এবং মাঠপর্যায়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা তা সমন্বয় করবেন বলে জানা গেছে।
ডিসেম্বর ঘিরে কী পরিকল্পনা, নজরদারির দাবি
ডিসেম্বরকে সামনে রেখে সাতটি উপজেলায় পৃথকভাবে সাংগঠনিক তৎপরতা জোরদারের বিষয়টি নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে ভবিষ্যতে বড় ধরনের কর্মসূচি গ্রহণের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। এমনকি বান্দরবান জেলায় নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা নিয়েও অভিযোগ উঠেছে।
এ অবস্থায় হোয়াটসঅ্যাপ গ্রুপের কার্যক্রম, অনলাইন বৈঠক, দায়িত্ব বণ্টন এবং নেতাকর্মীদের আর্থিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার দাবি উঠেছে। সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বিষয়টি নিয়ে জেলা পুলিশ, গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারি জোরদারের আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।