চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকার ‘হেভেন সিটি মার্কেট’ শপিং মলের নিচতলায় অবস্থিত অভিজাত মিষ্টি ও বেকারি প্রতিষ্ঠান ‘মস্কো বেকার্স’-এর দোকান ছাড়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। গতকাল (মঙ্গলবার) মার্কেটের কেয়ারটেকার সেলিম ও তার অনুসারীদের হামলায় প্রতিষ্ঠানটির ম্যানেজার ও কর্মচারীরা গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, হেভেন সিটি মার্কেটের মালিকপক্ষ মার্কেট পরিচালনার নামে কেয়ারটেকার সেলিমকে দিয়ে একটি নিজস্ব বাহিনী গড়ে তুলেছেন। অভিযোগ রয়েছে, মার্কেটের ছয়তলায় টর্চার সেল বসিয়ে সেলিম ও তার সহযোগী কাউসারসহ একটি চক্র দীর্ঘদিন ধরে সাধারণ দোকানদারদের জিম্মি করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল ‘মস্কো বেকার্স’ দোকানটি জোরপূর্বক দখল বা উচ্ছেদ করার উদ্দেশ্যে সেলিমের নেতৃত্বে একদল সশস্ত্র ক্যাডার দোকানের ভেতরে প্রবেশ করে। এ সময় তারা দোকানের ম্যানেজার ও স্টাফদের ওপর এলোপাতাড়ি হামলা ও ধারালো অস্ত্র দিয়ে কোপায়।
হামলাকারীরা প্রকাশ্যে হুমকি দিয়ে বলে, “পাহাড়তলী থানার ওসি আমাদের কেনা, আমরা যা বলব তাই হবে।”এদিকে, ঘটনার পরপরই মস্কো বেকার্সের মালিকপক্ষ আহতদের চিকিৎসার ব্যবস্থা করে পাহাড়তলী থানায় মামলা দায়ের করতে যান। তবে ভুক্তভোগীদের অভিযোগ, পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাসরি মামলা না নিয়ে কেবল একটি সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেন। ভুক্তভোগীদের দাবি, অভিযুক্ত কেয়ারটেকার সেলিম আগে থেকেই থানার ওসির সাথে অর্থের বিনিময়ে সমঝোতা করে রাখায় পুলিশ মামলা নিতে গড়িমসি করছে।
এ বিষয়ে অভিযুক্ত কেয়ারটেকার সেলিম ও পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় মার্কেটের সাধারণ ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে এবং তারা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।