সিরাজুল ইসলাম সজল, বরিশাল ব্যুরো :
নানা আলোচিত-সমালোচিত ঘটনার মধ্য দিয়ে ২০২১ সাল কেটেছে বরিশালের মানুষের। রাজনৈতিক হানাহানি, নির্বাচনি সহিংসতায় প্রাণহানি, শিক্ষার্থীদের আন্দোলন, প্রাকৃতিক দুর্যোগ, ধর্মীয় উন্মাদনা এবং সড়ক ও নৌ দুর্ঘটনার মিছিলে কেটেছে বছরটি। সব শেষ ঝালকাঠিতে যাত্রীবাহী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক প্রাণহানি এবং কয়েকশ মানুষের নিখোঁজ ও দ্বগ্ধ হওয়ার ক্ষত সবার হৃদয়ে নাড়া দিয়েছে।
এসবের মধ্য দিয়ে অর্জনও আছে বিদায়ি বছরে। দেশের সর্ব দক্ষিণের মূল ভূখণ্ড কুয়াকাটা সমুদ্রসৈকত পর্যন্ত ফেরিবিহীন সড়ক যোগাযোগ চালু এক অনন্য পাওয়া দক্ষিণাঞ্চলের কোটি মানুষসহ সমগ্র দেশবাসীর। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ লোগো মানব প্রদর্শনী এবং এ উপলক্ষে বৃহত্তর সাইকেল র্যালিও ব্যাপক আলোড়ন তোলে। বিশ্বসেরা ক্রিকেটার শচীন টেন্ডুলকারের চোখ আটকে যাওয়া বরিশালের খুদে স্পিন জাদুকর সাদিদের আবিষ্কারও একটি বড় অনুপ্ররেণা। ভূমিহীন হওয়ায় পুলিশ কনস্টেবলের চাকরি থেকে বাদ পড়তে যাওয়া কলেজ ছাত্রী আসপিয়াকে প্রধানমন্ত্রীর নির্দেশে জমিসহ ঘর ও চাকরি দেওয়ার বিষয়টি বছরের শেষ দিকে ব্যাপক প্রশংসিত হয়েছে। নতুন বছরে আরও ভালো প্রত্যাশা সবার।
বিদায়ি বছরের শুরুর দিকে ১৬ ফেব্রুয়ারি পরিবহন শ্রমিকের হাতে দুই শিক্ষার্থী লাঞ্ছিত হওয়ার জেরে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ঘটনার জেরে পরদিন গভীর রাতে নগরীর রূপাতলী হাউজিংয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মেসে ঢুকে ১৩ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করে পরিবহন শ্রমিকরা। সহপাঠীদের ওপর হামলার খবরে বিশ্ববিদ্যালয় এলাকায় মহাসড়ক অবরোধ ও একটি বাসে আগুন ধরিয়ে দেয় শিক্ষার্থীরা। এর জেরে বন্ধ হয়ে যায় দক্ষিণাঞ্চলে বাস চলাচল। আট দিনের অচলাবস্থার পর ২৪ ফেব্রুয়ারি উপাচার্যের উপস্থিতিতে সংশ্লিষ্ট সবপক্ষের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থী ও পরিবহন মালিক-শ্রমিকদের ফলপ্রসূ আলোচনায় আন্দোলন প্রত্যাহার করে উভয়পক্ষ।
বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ বিকালে বরিশাল নগরীর প্রধান প্রধান সড়কে কয়েক হাজার সাইকেলের অংশগ্রহণে সবচেয়ে বড় সাইকেল র্যালির আয়োজন করে সিটি করপোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ২৯ মার্চ বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ লোগো মানব প্রদর্শনী আয়োজন করে সিটি করপোরেশনসহ স্থানীয় আওয়ামী লীগ। ১ লাখ ৫৮ হাজার বর্গফুট জায়গাজুড়ে একসঙ্গে বঙ্গবন্ধু লোগো প্রদর্শন করেন প্রায় ১০ হাজার মানুষ, যা বিশ্বের সর্ববৃহৎ মানব লোগো বলে দাবি আয়োজকদের। উপকূলীয় এলাকা হলেও বরিশালের নদ-নদীতে লবণাক্ত পানির উপস্থিতি ছিল না। কিন্তু এপ্রিলের প্রথম সপ্তাহে কীর্তনখোলাসহ বরিশালের নদনদীতে প্রথমবারের মতো লবণাক্ত পানির উপস্থিতি টের পায় নদীতীরের বাসিন্দারা।
১১ এপ্রিল বরিশালের মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দুজন নিহত ও ১২ জন আহত হন। ওই সময় বেশ কিছু বসতঘর-দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। এর দেড় মাস পর ২০ মে মেহেন্দিগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত এবং পাঁচজন আহত হন।
২৬ মে ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর প্রভাবে বরিশাল বিভাগের তিন জেলার ১২টি পয়েন্টে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। তলিয়ে যায় বহু গ্রাম। গৌরনদীতে নির্বাচনি সহিংসতায় পরপর তিন দিনে তিনজন খুন হয়। সব শেষ ২৪ জুন খুন হয় তাদের একজন। এতে ওই এলাকায় আতঙ্কে পুরুষশূন্য হয় পুরো গ্রাম।
জুলাইয়ের প্রথম সপ্তাহে বরিশালের মেহেন্দিগঞ্জের শ্রীপুর এবং বাবুগঞ্জে নতুন নির্মিত প্রধানমন্ত্রীর উপহারের বেশ কয়েকটি আশ্রয়ণ প্রকল্পের ঘর বন্যার পানির স্রোতে ভেঙে যায়। এতে ব্যাপক সমালোচনা হয়।
গত ১৮ আগস্ট রাতে সদর উপজেলা পরিষদ চত্ব¡রে ব্যানার-বিলবোর্ড অপসারণকে কেন্দ্র করে বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলা, গুলি করে আনসার সদস্যরা। পরে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে ওসিসহ ৬০ জন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় উভয়পক্ষে পাল্টাপাল্টি মামলা হয়। পরে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে বিভাগীয় কমিশনারের বাসভবনে সিটি মেয়রসহ স্থানীয় ক্ষমতাসীনদের সঙ্গে প্রশাসনের একটি সমঝোতা বৈঠক হয়।
অক্টোবরের শুরুর দিকে বরিশালের খুদে স্পিন জাদুকর আবদুল্লাহ সাদিদের বোলিংয়ে মুগ্ধ হয়ে নিজের ভেরিফায়েড টুইটারে স্ট্যাটাস দেন ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকার। মুহূর্তে দেশ-বিদেশে ভাইরাল হয় সাদিদের স্পিন বোলিং। তাকে উৎসাহ দিতে এগিয়ে আসেন বিসিবি কর্মকর্তারা।
দক্ষিণের মানুষের বছরের সেরা অর্জন গত ২৪ অক্টোবর বরিশাল-কুয়াকাটা মহাসড়কের লেবুখালী পয়েন্ট পায়রা সেতু উদ্বোধন। ফলে দেশের সর্ব দক্ষিণের মূল ভূখণ্ড কুয়াকাটা পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হয়।
গত ১২ নভেম্বর ঝালকাঠীর সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণে তাৎক্ষণিক একজন নিহত ও সাতজন দ্বগ্ধ হয়। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজনের মৃত্যু হয়। ১৩ নভেম্বর মসজিদে এতেকাফে বসতে না দেওয়ায় বরিশালের বাবুগঞ্জে এক ইমামের হাতের কব্জি কুপিয়ে বিচ্ছিন্ন করে এক উগ্রপন্থি ব্যক্তি। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।
ডিসেম্বরের প্রথম সপ্তাহে যোগ্যতায় উত্তীর্ণ হয়েও ভূমিহীন হওয়ায় কলেজছাত্রী আসপিয়ার চাকরি হবে না বলে জানিয়ে দিয়েছিল পুলিশ। গণমাধ্যমে এ সংক্রান্ত খবর দেখে প্রধানমন্ত্রী কার্যালয় ওই ছাত্রীকে জমিসহ ঘর এবং চাকরি নিশ্চিত করার নির্দেশ দেয়।
গত ২৪ ডিসেম্বর রাতে ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় অর্ধশতাধিক মানুষের মৃত্যু এবং দুই শতাধিক মানুষ দ্বগ্ধ এবং নিখোঁজ থাকেন। বছরের শেষদিকে বরিশালের এই ঘটনা সারা দেশের মানুষকে আলোড়িত করে।