• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

পর্যটকের বেশে ইয়াবা পাচার, র‍্যাবের জালে ‘বাইকার গ্যাং’

অনলাইন ডেস্ক / ৫১ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

পর্যটকের ছদ্মবেশে মোটরসাইকেলে কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবা পাচারের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া সরকারি কলেজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-৭।গ্রেপ্তাররা হলেন মোহাম্মদ বশির, বেলাল উদ্দিন, নুরুল মুস্তাফা, সাইফুল ইসলাম, মোহাম্মদ হাসান ও মোহাম্মদ হোসেন।

দুপুরে সংবাদ সম্মেলনে র‍্যাব-৭ চট্টগ্রামের চান্দগাঁও ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার তাওহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে তল্লাশিচৌকি বসানো হয়।প্রথমে একটি মোটরসাইকেলসহ একজনকে আটক করা হয়। র‍্যাবের দাবি, তিনি সামনে কোনো তল্লাশি বা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আছে কি না, তা পেছনে থাকা সদস্যদের জানিয়ে দিতেন।

পরে আরও চারটি মোটরসাইকেলে থাকা পাঁচজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি মোটরসাইকেলের আসনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা কক্সবাজারের রামু এলাকা থেকে এসব ইয়াবা সংগ্রহ করেছিলেন বলেও জানিয়েছেন। র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মোজাফফর হোসাইন জানান, গ্রেপ্তার ব্যক্তিরা পর্যটকের ছদ্মবেশে মোটরসাইকেলে ইয়াবা পাচার করতেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category