• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

রাশিয়ার নির্বাচনে পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার বড় জয়

অনলাইন ডেস্ক / ২৫ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন ইউনাইটেড রাশিয়া পার্টি। রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রকাশিত ফল অনুযায়ী, ৪৫০ আসনের দুমায় দলটি ৩৫৫টি আসন পেয়েছে।

১৮ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী স্টেট দুমার নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২১ সেপ্টেম্বর প্রকাশিত ফলাফলে দেখা যায়, নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৫৯ দশমিক ৩২ শতাংশ। দলীয় তালিকার ভোটে ইউনাইটেড রাশিয়া পেয়েছে ৫৭ দশমিক ৮৩ শতাংশ ভোট।

স্টেট দুমার মোট ৪৫০টি আসনের মধ্যে ২২৫টি আসনে দলীয় তালিকার ভিত্তিতে এবং বাকি ২২৫টি আসনে একক আসনের নির্বাচনের মাধ্যমে সদস্য নির্বাচিত হন। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ইউনাইটেড রাশিয়া এবার মোট ৩৫৫টি আসন পেয়েছে, যা দলটির জন্য দুমায় সর্বোচ্চ আসনের রেকর্ড। এর আগে ২০১৬ সালের নির্বাচনে দলটি ৩৪৩টি আসন পেয়েছিল।

নির্বাচনের এই ফলাফলের মধ্য দিয়ে স্টেট দুমায় ইউনাইটেড রাশিয়া সাংবিধানিক সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে। ২০২১ সালের নির্বাচনে দলটি ৪৯ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছিল। এবারের নির্বাচনে সেই ভোটের হার বেড়ে প্রায় ৫৮ শতাংশে দাঁড়িয়েছে।

ইউনাইটেড রাশিয়া ২০০০-এর দশকের শুরু থেকেই রাশিয়ার রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে রয়েছে। সাম্প্রতিক নির্বাচনেও দলটি পার্লামেন্টে নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্ত করেছে। এবারের ভোট ছিল ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর দেশটির প্রথম পার্লামেন্ট নির্বাচন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার মস্কো প্রতিনিধি দিমিত্রি মেদভেদেঙ্কো বলেছেন, এই ফলাফল এবং প্রায় ৬০ শতাংশ ভোটারের বিপুল অংশগ্রহণকে মস্কো সম্ভবত তাদের কর্মকাণ্ডের-বিশেষ করে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে তাদের পদক্ষেপের প্রতি জনসমর্থন হিসেবে এবং নিজেদের অবস্থানকে আরও জোরদার করার ইঙ্গিত হিসেবেই দেখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category