জ্বালানি তেলের দাম আর বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। বরং পরিস্থিতি অনুকূলে এলে বর্তমান দামের চেয়ে কমানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বুধবার (২৩ সেপ্টেম্বর) ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির কারণ ব্যাখ্যা করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে যখন তেলের মূল্যের বড় ধরনের পার্থক্য তৈরি হয়, তখন দেশ থেকে তেল পাচার রোধ করা কঠিন হয়ে পড়ে। মূলত সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার ঠেকাতেই বাধ্য হয়ে মূল্যে সমন্বয় বা বৃদ্ধি করতে হয়েছিল।’
তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের পরিস্থিতি স্বাভাবিক হলে এবং দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অনুকূলে এলে জ্বালানি তেলের দাম পুনরায় সমন্বয় করা হবে। সুযোগ তৈরি হলে আগের তুলনায় দাম কমানো হবে বলেও আশ্বাস দেন তিনি।