• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় আহত মৌসুমী মৌ

অনলাইন ডেস্ক / ৫ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ফেরার পথে তাকে বহনকারী গাড়িকে দ্রুতগতির একটি পিকআপ ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। তবে তিনি বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন এবং বিশ্রামে আছেন। দুর্ঘটনার পর নিজের শারীরিক অবস্থার বিষয়ে মৌসুমী মৌ জানান, বড় ধরনের কোনো বিপদ হয়নি। তবে মাথা, বুক, হাত ও পায়ে আঘাত পাওয়ায় ব্যথা অনুভব করছেন। ঘটনার ভয়াবহ মুহূর্তের বর্ণনা দিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টও করেছেন।

ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ! অনেক বড় বিপদ থেকে গতকাল বেঁচে গেছি। শো শেষ করে আসার পথে একটা পিকআপ আমাদের ধাক্কা দেয়। আমি গাড়ির বাঁ দিক থেকে ডান দিকে ছিটকে পড়ি। মাথা, বুকে, পায়ে আর হাতে ব্যথা পাই। কিন্তু বড় ধরনের কোনো কিছু আমার হয়নি। তিনি আরও জানান, অল্পের জন্য আরও ভয়াবহ দুর্ঘটনা এড়ানো গেছে। মৌসুমী মৌর ভাষ্য, তাদের গাড়ির ঠিক পেছনেই মোটরসাইকেলে ছিলেন তার মেকাপ আর্টিস্ট মুমিন।

এ প্রসঙ্গে তিনি লেখেন, কয়েক সেকেন্ডের ব্যাপার। যদি মুমিনকে পিকআপ ধাক্কা দিত, তাহলে সে উড়ে চলে যেত। আর যদি আমার গাড়ির আরেকটু সামনে বা দরজায় আঘাত করত, তাহলে হয়তো আমিও আর জীবিত থাকতাম না। পিকআপচালকের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগও করেছেন এই অভিনেত্রী। তার দাবি, চালকের আচরণ স্বাভাবিক মনে হয়নি এবং গাড়িটির ব্রেকেও ত্রুটি ছিল।

মৌসুমী মৌ বলেন, ড্রাইভারটা চরম বেয়াদব। ওর পিকআপের ব্রেক ঠিক নেই। তার আচরণে মনে হচ্ছিল কিছু খেয়ে সে গাড়ি চালাচ্ছে। পরে ওর মালিক এসে জানালেন, ওই চালকের গাড়ি চালানোর কথা ছিল না। কোনটা সঠিক, কোনটা বেঠিক জানি না। বেঁচে আছি, ভালো আছি-এটাই সবচেয়ে বড় কথা।

বর্তমানে মৌসুমী মৌর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বিশ্রামে আছেন। তার দ্রুত সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকামনা জানিয়েছেন সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category