জেলা প্রতিনিধি ঝালকাঠি ,ঝালকাঠিতে মিলাদ শেষে ফেরার পথে সড়কে ব্যারিকেট দিয়ে বিএনপি নেতা রফিকুল ইসলাম জামালের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি রক্তাক্ত জখম হয়েছেন। পথচারীরা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য এই বিএনপি নেতাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (৭ আগস্ট) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির সামনে এ ঘটনা ঘটে। আহত রফিকুল ইসলাম জামাল জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সভাপতি পদপ্রার্থী।
ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. মেহেরিন আফরোজ বলেন, রফিকুল ইসলাম জামাল নামে একজন আহত হয়ে আমাদের কাছে চিকিৎসা নিতে এসেছিলেন। তার নাকে জখম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরই বাংলা মেডিকেলে পাঠানো হয়েছে।
এদিকে, হামলার খবর পেয়ে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা জামায়াতে ইসলামের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা যুবদল আহ্বায়ক শামীম তালুকদারসহ দলীয় নেতাকর্মীরা তাকে দেখতে সদর হাসপাতালে যান।