চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, নির্বাচনের দিন আর কাউকে সতর্ক করা হবে না; আইন ভঙ্গের চেষ্টা হলে সরাসরি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) কর্ণফুলী উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “নির্বাচনের দিন কেউ যদি কোনো কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, তাকে সতর্ক করার কোনো সুযোগ থাকবে না। শুধু ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও গ্রহণযোগ্য রাখতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আনসার বাহিনী, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের বডি-অন ক্যামেরার মাধ্যমে কেন্দ্রগুলো সার্বক্ষণিক মনিটরিংয়ে রয়েছে।
জেলা প্রশাসক ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচন কোনো ব্যক্তি বা দলের জয়ের বিষয় নয়; এটি দেশের ভবিষ্যৎ ও প্রজন্মের নিরাপত্তার বিষয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সরকার, লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান, উপ-পরিচালক (স্থানীয় সরকার) গোলাম মাঈনউদ্দিন হাসান, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ এবং আনসার ও ভিডিপির পরিচালক ও জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মোস্তাক আহমদ। সভায় সভাপতিত্ব করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সজীব কান্তি রুদ্র। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোহাম্মদ আল আমিন হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবা আক্তার ভূঁইয়া ও কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম।
শেষে জেলা প্রশাসক সবাইকে সতর্ক করে বলেন, কোনো ভয় বা সংশয় থাকলে প্রশাসনকে জানাতে হবে, তবে দায়িত্ব পালনে গাফিলতির কোনো সুযোগ নেই। তিনি সকলকে বিবেকবান ও দায়িত্বশীল হয়ে নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানান।
কর্ণফুলীতে দিনব্যাপী নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ৯০৬ কর্মকর্তা,কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ-স্কুল ভেন্যু ও উপজেলা অডিটোরিয়ামে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply